IRV · অধ্যায় 80 / 150
গীতসংহিতা 80
1প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শোশন্নীম–এদুৎ। আসফের একটি গীত। হে ইস্রায়েলের পালক অবধান কর, যে তুমি যোষেফকে ভেড়ার পালের মতো চালাও, যে তুমি করূবদের উর্ধ্বে বসে আছ, আমাদের ওপরে দীপ্তিময় হও।
2ইফ্রয়িম, বিন্যামীন ও মনঃশির সামনে নিজের পরাক্রমকে সতেজ কর, আমাদের পরিত্রান কর।
3ঈশ্বর আমাকে ফেরাও, তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা পরিত্রান পাব।
4সদাপ্রভুু, বাহিনীগনের ঈশ্বর, তুমি নিজের লোকেদের প্রতি ও তাদের প্রার্থনার প্রতি আর কত দিন রেগে থাকবে?
5তুমি খাওয়ার জন্য তাদের চোখের জল দিয়েছ, বহু পরিমাণে চোখের জল পান করিয়েছ।
6তুমি প্রতিবেশীদের মধ্যে আমাদেরকে বিবাদের পাত্র করেছ, আমাদের শত্রুরা তাদের নিজেদের মধ্যে আমাদেরকে নিয়ে ঠাট্টা করে।
7বাহিনীগনের ঈশ্বর, আমাদেরকে ফেরাও, তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা রক্ষা পাব।
8তুমি মিশর থেকে একটি আঙ্গুর গাছ এনেছ, জাতিদেরকে দূর করে তা রোপণ করেছ।
9তুমি তার জন্য জমি পরিষ্কার করেছ, তার মূল গভীরে গিয়ে দেশের মধ্যে ছড়িয়ে পড়ল।
10তার ছায়ায় পর্বত ঢেকে যায়, তার শাখাগুলি ঈশ্বরের এরস গাছের মত হয়।
11তা সমুদ্র পর্যন্ত নিজের শাখা, নদী পর্যন্ত নিজের পল্লব বিস্তার করে।
12তুমি কেন তার বেড়া ভেঙে ফেললে? লোকেরা সব তার পাতা ছেড়ে।
13বন থেকে শূকরেরা এসে তা ধ্বংস করে এবং মাঠের পশুরা তা মুড়িয়ে খেয়ে ফেলে।
14বিনয় করি, বাহিনীগনের ঈশ্বর, স্বর্গ থেকে চেয়ে দেখ, এই আঙ্গুরলতার যত্ন কর;
15রক্ষা কর তা, যা তোমার দক্ষিণে হাত রোপণ করেছেন, আর সেই পুত্রকে, যাকে তুমি নিজের জন্য সবল করছ।
16তা আগুনে দগ্ধ হয়েছে, তা কেটে ফেলা হয়েছে; তোমার মুখের তিরস্কারে লোকেরা বিনষ্ট হচ্ছে।
17তোমার হাত তোমার ডান হাতের মানুষের উপরে থাকুক, সেই মনুষ্যপুত্রের উপরে থাকুক যাকে তুমি তোমার জন্য শক্তিশালী করেছ।
18তাতে আমরা তোমার থেকে ফিরে যাব না; তুমি আমাদেরকে সঞ্জীবিত কর, আমরা তোমার নামে ডাকি।
19সদাপ্রভুু, বাহিনীগনের ঈশ্বর, আমাদেরকে ফেরাও; তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা পরিত্রান পাব।
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (IRV, 2019) · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. (পাঠ অপরিবর্তিত; পাদটীকা ও শিরোনাম বাদ দেওয়া হয়েছে) · eBible.org