Bible Explorer অ্যাপ নিন

বাইবেল › নহূম › 1

IRV · অধ্যায় 1 / 3

নহূম 1

1নীনবী শহর সম্বন্ধে ঘোষণা। ইলকোশীয় নহূমের দর্শনের বই।

2সদাপ্রভু স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর; সদাপ্রভু প্রতিফলদাতা ও তিনি ক্রোধে পূর্ণ। সদাপ্রভু তাঁর বিপক্ষদের উপরে প্রতিফল দেন এবং তাঁর শত্রুদের উপর ক্রোধ বজায় রাখেন।

3সদাপ্রভু ক্রোধে ধীর এবং শক্তিতে মহান এবং তিনি শত্রুদের দোষী সাবস্ত করেন। সদাপ্রভু নিজের পথ তৈরী করেন ঘূর্ণিবাতাস ও ঝড়ের মধ্যে এবং মেঘ তাঁর পায়ের ধূলো।

4তিনি সমুদ্রকে ধমক দেন এবং তাকে শুকনো করেন, সমস্ত নদীগুলোকে তিনি শুকনো করেন। বাশন আর কর্মিলকে নিস্তেজ করেন আর লিবানোনের সব ফুল শুকিয়ে যায়।

5পর্বতগুলো তাঁর উপস্থিতিতে কাঁপে এবং পাহাড়গুলি গলে যায়। পৃথিবী তাঁর সামনে ভেঙে পড়ে, প্রকৃতভাবেই, সমস্ত পৃথিবী ও তার মধ্যে বসবাসকারী সবাই।

6তাঁর ক্রোধের সামনে কে দাঁড়াতে পারে? কে সহ্য করতে পারে তাঁর ভীষণ ক্রোধ? তাঁর ক্রোধ আগুনের মত এবং তাতে বড় পাথর ফেটে যায়।

7সদাপ্রভু মঙ্গলময়, বিপদের দিনের তিনি সুরক্ষিত আশ্রয়। যারা তাঁকে ত্যাগ করে তিনি তাদের জানেন।

8কিন্তু প্রবল বন্যার দ্বারা তিনি তাঁর শত্রুদের একেবারে শেষ করে দেবেন, তিনি তাদের অন্ধকারে তাড়িয়ে দেবেন।

9সদাপ্রভুর বিরুদ্ধে তোমরা কি ভাবছ? তিনি এর সম্পূর্ণ শেষ করবেন, দ্বিতীয়বার আর সঙ্কট আসবেনা।

10কারণ তারা কাঁটাঝোপের মধ্যে জড়িয়ে যাবে এবং মদ্যপানে মাতাল হবে; তারা শুকনো খড়ের মত আগুনে পুড়ে যাবে।

11হে নীনবী তোমাদের মধ্যে থেকে এমন একজন বের হয়ে এসেছে যে সদাপ্রভুর বিরুদ্ধে মন্দ চিন্তা করছে ও মন্দ পরামর্শ দিচ্ছে।

12সদাপ্রভু এই কথা বলেন, “যদিও তারা শক্তিতে পরিপূর্ণ এবং অসংখ্য তবুও তাদের ছিন্ন করা হবে। তাদের লোকেরা আর থাকবে না। কিন্তু তুমি, যিহূদা, যদিও আমি তোমাকে নত করেছি কিন্তু আর নত করব না।

13এখন আমি তোমার কাঁধ থেকে সেই লোকেদের যোঁয়াল ভেঙে দেব, আমি তোমার শিকল ভেঙে ফেলব।”

14হে নীনবী, সদাপ্রভু তোমার বিষয়ে একটি আদেশ দিয়েছেন, তোমার নাম রক্ষা করবার জন্য তোমার কোন বংশধর থাকবে না। তোমার দেবালয়ে যে সব খোদিত প্রতিমা ও ছাঁচে ঢালা মূর্ত্তি রয়েছে সেগুলো আমি ধ্বংস করে ফেলব। আমি তোমার কবর খুড়ব, কারণ তুমি অধার্ম্মিক।

15যে লোক সুসমাচার নিয়ে আসে ও শান্তি ঘোষণা করে, ঐ দেখ, পর্বতের উপরে তার পা। হে যিহূদা, তোমার পর্বগুলো পালন কর এবং মানত সব পূর্ণ কর। অধার্ম্মিক আর তোমাকে আক্রমণ করবে না; সে একেবারে ধ্বংস হবে।

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (IRV, 2019) · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. (পাঠ অপরিবর্তিত; পাদটীকা ও শিরোনাম বাদ দেওয়া হয়েছে) · eBible.org